
নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবনাদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে মহানবীর সুন্নাহ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।