
নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পুলিশ সুপার, নওগাঁর দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. তাজিমুদ্দীন (৩৮), পিতা-মৃত খয়রুল্লাহ, সাং-সাদাপুর ডাঙ্গাপাড়া; মো. হাফিজুর রহমান (৫৬), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-শ্যামপুর খড়িবাড়ী; এবং শ্রী রনজিত (৪২), পিতা-মো. সম্রাট, সাং-শ্যামপুর, থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।