
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দায় মাইকিং করে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার আগমনের ঘোষণা দিয়ে ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। পাশাপাশি অটোরিকশায় থাকা এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের রাস্তা থেকে মাইকিংয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়। গতকাল রাতে ভিডিওটি নওগাঁ জেলা পুলিশের নজরে এলে সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩)। তিনি মান্দা উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের বাসিন্দা এবং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাবার নাম মৃত আব্দুল জলিল প্রামাণিক। পুলিশের ভাষ্য অনুযায়ী, ভিডিওটির বিষয়ে তিনি অবগত থাকার কথা স্বীকার করেছেন।
এ ছাড়া মান্দা উপজেলার নবগ্রাম তালাপাড়া এলাকার মো. আব্দুল জলিল সরকার (৫০) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে। অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশ আরও জানায়, মাইকিংয়ের সময় অটোরিকশায় থাকা কিশোর তারেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। একই সঙ্গে প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।