আলমগীর কবিরঃ
নওগাঁর নিয়ামতপুরে ৯৭ নম্বর উষ্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৩ শতক জমি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক তদন্ত শুরু হলে জমিটি বিদ্যালয়ের সম্পত্তি হওয়া সত্ত্বেও প্রধান শিক্ষিকা খুরশিদা আরার স্বামী ও সাবেক শিক্ষক আজাহারুল ইসলামের নামে দলিল সম্পাদনের তথ্য প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগটি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট সম্পত্তি প্রধান শিক্ষিকার স্বামী আজাহারুল ইসলামের নামে দলিল সম্পাদনের তথ্য পাওয়া গেছে।
এর আগে বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৩ শতক জমি ভোগদখল ও আত্মসাতের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দা আবু বক্কর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে দাখিল করা ওই অভিযোগে জমির প্রকৃত মালিকানা, রেকর্ড, দখল ও ব্যবহার যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অভিযোগটি নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনিক পর্যায়ে গুরুত্ব পায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে তদন্ত শুরু হলে জমির মালিকানা ও দলিলসংক্রান্ত বিষয় সামনে আসে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি ব্যক্তির নামে দলিলভুক্ত হওয়ার অভিযোগটি স্থানীয়ভাবে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। এখন জমির মূল মালিকানা, দলিল সম্পাদনের বৈধতা এবং বিদ্যালয়ের স্বার্থ কীভাবে সংরক্ষিত হবে, তা নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
বিদ্যালয়ের সম্পত্তি সংরক্ষণ এবং প্রকৃত মালিকানা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক: আলমগীর কবির | প্রকাশক: ফারজানা,
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা বি ব্লক, রোড নং–২, হাউস নং–২৩৩,
মোবাইল: ০১৭১১-২৯০৯৬১
ই-পেপার